নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ২০ দিন ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জেও মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদের পাশে ট্রাক সেলের এ কার্যক্রম শুরু হয়। সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সংগ্রহ করতে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। তবে মাত্র ৪০০ জনের বরাদ্দ থাকায় টিসিবির পণ্য কিনতে আসা অধিকাংশ মানুষ খালি হাতে মন খারাপ করে বাড়ি ফেরেন। ট্রাক সেল কার্যক্রমের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ সিও অফিসের সামনেও টিসিবির ডিলার মাহিম মুদি স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ খা ট্রাক সেল -এর পণ্য বিক্রি করেন। যা কিনতে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।
রোজায় টিসিবির নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি করবে টিসিবি।
টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা দরে ক্রেতা হাফ কেজি পাবেন মূল্য ৮০ টাকা। একজন গ্রাহক ৫৯০ টাকার বিনিময়ে ৫ ধরনের ভোগ্য পণ্য একবারই ক্রয় করতে পারবেন। টিসিবির পণ্য কিনতে আসা সাধারণ মানুষ সরকারের নিকট বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।
টিসিবি জানায়, সারা দেশে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন (শুক্রবার ও ছুটির দিন ব্যতিত) নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকবে। এভাবে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। টিসিবি আরো জানিয়েছে, প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি, অপর সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে এবং বাকি ৫৫টি জেলায় পাঁচটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আলী আকবর খান জানান, সরকার নির্ধারিত ২০ দিন ট্রাক সেল কার্যক্রম চলবে। যা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। উপজেলা ভিত্তিক বণ্টনে গোপালগঞ্জ সদর উপজেলার আওতাভুক্ত পৌরসভায় দুই দিন অর্থাৎ ১৭ এবং ১৮ ফেব্রুয়ারিতে ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা তুলনামূলকভাবে বেশ বড় এখানে ২১টি ইউনিয়নের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও বেশ কয়েকটি ইউনিয়ন এ কার্যক্রম থেকে বাদ পড়েছে।
এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি বলেছে, সারা দেশে এখন পর্যন্ত ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। তারাও রোজার মাসে নির্দিষ্ট সরবরাহকারীর কাছ থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন। স্মার্ট পরিবার কার্ডধারীদের কাছে চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় ৪০ হাজার ৩০০ টন এবং আগামী মার্চ মাসে প্রায় ৩৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে।
Leave a Reply