কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ পশ্চিমে নেপিয়ার ঘাঁস ক্ষেত থেকে এসব উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে স্থানীয় মতিন মাষ্টারের নেপিয়ার ঘাস ক্ষেত রয়েছে। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা অবস্থায় দুটি ব্যাগ দেখতে পান। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তারা ছুটে আসেন। পরে দুটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোম সাদৃশ্য বস্তু উদ্ধার করেন তারা।
এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দূরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।
দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বানিয়াকান্দি বাজার সড়কের ওপর কয়েকটি পাত্রে (বালতি) রাখা রয়েছে বোম সাদৃশ্য বস্তুগুলো। সেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য কাজ করছেন।
এ সময় রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ‘ঘাঁসের ভেতরে মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে সবাইকে খবর দিয়েছি। পরে কয়েকজন এসে আরও একটি ব্যাগ দেখে প্রশাসনকে খবর দেন।’
স্থানীয় বাসিন্দা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ‘ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে।’
এতে এলাকাবাসী ও ভোটাররা আতঙ্কিত বলে জানান তিনি। তিনি নির্বাচনী নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে গিয়ে দুটি ব্যাগে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরিক্ষার জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’
Leave a Reply