ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকে এখন পর্যন্ত সমস্ত লাইভ অনুষ্ঠানে সরাসরি ভিডিওকলে যুক্ত না হয়ে কেবল ভয়েস কলেই যুক্ত হচ্ছেন। এতে জনমনে দেখা দিয়েছে নানা কৌতূহল। সে কৌতূহল নিরসনে- ভিডিওতে যুক্ত না হওয়ার কারণ জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনার ভিডিওতে লাইভে না আসাটা কি দলীয় সিদ্ধান্তের কারণে?— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘এটা দলীয় কোনো সিদ্ধান্ত না, এটা উনার সিদ্ধান্ত। উনি কেনো নিচ্ছেন, কবে উনি দেখা দিবেন, আপাতত উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি ভয়েস কলেই কানেক্টেড হবেন, কথা বলবেন।
যখন উনার ইচ্ছা হবে উনি দেখা দিবেন। ভিডিওতে আসবেন বা যদি বাংলাদেশে যখন ফিরবেন। তখন তো উনি আর অনলাইনে ফিরতে পারবেন না। ফিজিক্যালি প্রকাশ্য হয়ে ফিরবেন। তখন দেখা যাবে। তাই এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই আমার।’
চেহারা দেখানোর সঙ্গে নিরাপত্তার কোনো সম্পৃক্ততা আছে? শেষ হাসিনার ভারতে থাকার যে পরিস্থিতি, সেটার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না? ভারত সরকার তাকে বলেছে কি না যে, তিনি চেহারা দেখাতে পারবেন না?— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘না, না। এটা একেবারেই ভিত্তিহীন কথা। এটা উনার ব্যক্তিগত (শেখ হাসিনা) সিদ্ধান্ত। ভারত সরকারের দিক থেকে উনার ওপরে কোনো বিধিনিষেধ নাই বলেও উল্লেখ করেন তিনি।
Leave a Reply