গোপালগঞ্জ প্রতিনিধি : সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই জেলার সব সরকারি-বেসরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ এবং দোকানপাট যথানিয়মে খুলেছে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পুরাতন লঞ্চ ঘাট এলাকার পুলিশ বক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, জেলায় দুই হাজারেরও বেশি পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, এসপি ও এডিশনাল এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে নিরাপত্তা তদারকি করছেন। এছাড় গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিং জোরদার করা হয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে রবিবারে গোপালগঞ্জে উত্তেজনা ও বিভিন্ন তাণ্ডবের ঘটনা ঘটে। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাদের বাড়িঘর এবং গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পুনরায় সরকারি বঙ্গবন্ধু কলেজ নামকরণ এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশের ঘটনা ঘটে। উদ্ভূত এসব পরিস্থিতির প্রেক্ষাপটে রাতেই গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয় এবং জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনশৃঙ্খলা ও সরকারি সম্পত্তি রক্ষায় গোপালগঞ্জে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সম্মিলিতভাবে মাঠে কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সরকারি স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
রবিবারের (১৫ নভেম্বর) ঘটনার আইনগত প্রক্রিয়া ও মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেন যে, কোনো নিরপরাধ মানুষকে অহেতুক হেনস্তা করা হবে না এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই কেবল জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতেও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অব্যাহত রয়েছে উল্লেখ করে ডিআইজি জানান, গত দুই দিনের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সন্তোষজনক। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং এলাকার শান্তি বজায় রাখতে তিনি গোপালগঞ্জবাসীর দায়িত্বশীল সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply