ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সর্দার মশিউর রহমান মোশারফের বাবা মতিয়ার রহমান মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন থাকার পর গত রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হয়ে গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন মোশারফ। বাবার জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এই ছাত্রলীগ নেতা।
এ সময় মোশারফ অভিযোগ করেন, মিথ্যা মামলায় বারবার গ্রেপ্তার হওয়ার ঘটনায় বাবার মনে গভীর শোক ও দুশ্চিন্তা তৈরি হয়েছিল। সেই শোক থেকেই তাঁর বাবা অসুস্থ হয়ে মারা গেছেন বলে দাবি করেন তিনি।
আজ সোমবার সকালে গাইবান্ধা শহরের ধানঘরা এলাকায় পৌরসভার জান্নাতুল মাওয়া পৌর কবরস্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাঁকে দাফন করা হয়।
Leave a Reply