ডেস্ক রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চলের পরিস্থিতি। শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বিক্ষোভে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পরে শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনার পর শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
Leave a Reply