ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply