ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ভারী বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।
সোমবার সকাল ১১টার দিকে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু হাসান আকন্দ, জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম ফিরোজ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডল, সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারী বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভে ছাত্রশিবির, জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত রোববার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply