ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ও স্থানীয় মুকুলের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলাম ও সালাউদ্দিন প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাইফুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply