কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইছাহাক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইছাহাক ফকির ওই গ্রামের মৃত আইজ উদ্দিন ফকিরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের কোনো একসময় ইছাহাক ফকির আত্মহত্যা করেন। ভোররাত ৪টার দিকে তাঁর ছোট ছেলে মহসীন কবির ঘুম থেকে উঠে বাবার খোঁজ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ইছাহাক ফকিরের ছেলে মহসীন কবির বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মাথাব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা নেওয়ার পরও অসুস্থতা থেকে স্বস্তি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে তাঁদের ধারণা।
কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই সোবাহান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply