মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান বলেছেন, যখনই কোনো প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে সেগুলো লস প্রজেক্ট হয়। আর সেগুলোকে যখনই প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয় তখন সেগুলো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়।
শনিবার (৪ এপ্রিল) সকালে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আহমদ আযম খান বলেন, যখনই সরকারের নিয়ন্ত্রণে থাকে তখনই সরকারের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা সেটাকে লস প্রজেক্টে নিয়ে তারা লাভবান হয়। আমি শুনেছি বেশ কয়েকটি চা বাগান বেসরকারি খাতে দেওয়া হয়েছে। যে চা বাগানগুলো বেসরকারি খাতে দেওয়া হয়েছে এবং যেগুলো বেসরকারি আছে সেগুলো কিন্তু লাভজনক। আর তেলিয়াপাড়াসহ যে চা বাগানগুলো এখনও বাংলাদেশ টি কোম্পানির আওতাধীন সেগুলো অলাভজনক হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত চা বাগান হিসেবে এখন চলছে।
কেন বেসরকারিগুলো লাভজনক ও সরকারিগুলো অলাভজনক তা ক্ষতিয়ে দেখার জন্য সভায় উপস্থিত সংসদ সদস্যদেরকে অনুরোধও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা যদি চা বাগানকে ঠিকমতো পরিচর্চা করি তবে অবশ্যই লাভজনক হবে। চা বাগানের সঙ্গে অসংখ্য শ্রমিক আছেন তাদেরও কিন্তু জীবন-জীবিকার প্রশ্ন জড়িত আছে।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ূন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক খান।
Leave a Reply