ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (এমপি) বেসরকারি সদস্য বলা হয়। তাঁরা যেসব বিল পেশ করেন, তা বেসরকারি বিল হিসেবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত নয়টি বিল পাস হয়েছে। এর মধ্যে একটি বিরোধী দলের সদস্যের, বাকি ৮টি ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের আনা বিল।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এমন বিবরণী তুলে ধরা হয় বলে জানা গেছে। সূত্র বলেছে, অতীতের ১২টি সংসদের মধ্যে প্রথম, ৬ষ্ঠ এবং দ্বাদশ সংসদে বেসরকারি সদস্যরা কোনো বিল উত্থাপন করেননি। এর মধ্যে ৬ষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন। প্রথম জাতীয় সংসদের মেয়াদ ছিল ২ বছর ৭ মাস এবং দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদ ছিল ৬ মাস ৮ দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। প্রথম দিনের বৈঠকে ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটি গঠন করা হয়। যেখানে কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহানকে। বিএনপির এই এমপির সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রস্তুতকরণে সংসদ-সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে সচেষ্ট হওয়ার সুপারিশ করে কমিটি। কমিটির সভাপতি মো. শাহজাহান ছাড়াও বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং নূরুল ইসলাম।
বৈঠকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ করা হয়। এ ছাড়া কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সকল সংসদ-সদস্যকে সচেতন করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়।
সংসদ অধিবেশন চলাকালে বৃহস্পতিবারকে বেসরকারি সদস্যদের কার্যাবলি হিসেবে প্রাধান্য পায়। এই হিসেবে বৃহস্পতিবার বেসরকারি দিবস হিসেবে পরিচিত। অবশ্য স্পিকার চাইলে বৃহস্পতিবারকে সরকারি দিবস হিসেবে পরিচালনা করতে পারেন। পাশাপাশি অন্য কোনো দিনকে বেসরকারি সদস্যদের কার্যক্রম প্রাধান্য দিতে পারেন।
Leave a Reply